প্রশ্নপত্র ফাঁস
অত্যন্ত নিন্দনীয়
ও ঘৃণ্য অপকর্ম
চলমান সময়ের অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য অপকর্মের নাম প্রশ্নপত্র ফাঁস। প্রাইমারী শেষবর্ষ থেকে শুরু করে বিসিএস ক্যাডার নির্বাচন অর্থাত্ শিক্ষার সর্বক্ষেত্রেই এখন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। চাকরির ক্ষেত্রেও প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এর মাধ্যমে মেধা ও যোগ্যতাকে নিরুত্সাহিত করা হচ্ছে। মেধা আর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অযোগ্যরা বসছে দেশের গুরুত্বপূর্ণ ও সম্মানজনক স্থানে। কিন্তু না! এরকম চলতে দেয়া যায় না। দেশের সচেতন মহল এর প্রতিকার চায়। প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে যা যা করণীয় তা হল- ১। উত্তম মানবিক গুণসম্পন্ন ব্যক্তিকে প্রশ্নপত্র সংরক্ষণের দায়িত্ব দেয়া প্রয়োজন। ২। প্রশ্নপত্র সংরক্ষণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা প্রয়োজন। ৩। ব্যাপক গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন। ৪। কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন। ৫। এক ঘন্টা আগে অনলাইনের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠান বা অফিসের নির্দিষ্ট পরীক্ষার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশ্নপত্র প্রেরণ করা প্রয়োজন।
নূর সালাম খান
অনার্স (শেষ বর্ষ),বাংলা বিভাগ
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।
০০০০০০০০০০০০০
প্রশ্নপত্র ফাঁস রোধে
চাই নৈতিকতার চর্চা
ও দেশাত্ববোধ
শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া যেমন কোন প্রাণী (কোঁচো) মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। সাম্প্রতিককালের বেপরোয়া প্রশ্নপত্র ফাঁস বাঙালি জাতিকে তার মেরুদণ্ড সম্পর্কে ভাবিয়ে তুলেছে। কেননা এটি মেধাবী ছাত্র ছাত্রীদের আস্থা হারিয়ে ফেলে জ্ঞান-চর্চা তথা অধ্যয়নের পরিবর্তে প্রশ্নপত্র ফাঁসের উপর নির্ভরশীল করে তুলবে। যা একদিন জাতিকে বিকলাঙ্গ করে হুইল চেয়ারে বসাতে পারে। তাই আসুন, সকল ধরনের অনৈতিকতাকে বর্জন করে, নৈতিকতাকে বুকে ধারণ করে, দেশত্ববোধে উজ্জীবিত হয়ে একটি শিক্ষিত, মেধাবী, জ্ঞানী, প্রজ্ঞাবান তথা উন্নত জাতি গঠনে আমরা আমাদের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস রোধ করি। কেননা— নিশ্চয় আপনি আপনার গর্ভধারিণী মাকে (মাতৃভূমি) ওষুধের পরিবর্তে বিষ খাওয়াবেন না বা খাওয়াতে সহায়তা করবেন না।
মো. আল-আমিন শেখ
বি.এস.এস ১ম বর্ষ সম্মান,সমাজ কল্যাণ বিভাগ
সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০০০০০০০০০০
প্রশ্ন ফাঁস রোধে শিক্ষার্থী
ও অভিভাবকের
সচেতনতাই যথেষ্ট
বর্তমানে আমাদের দেশের বহুল আলোচিত সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস। বর্তমানে পরীক্ষা মানেই প্রশ্নপত্র ফাঁস, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকে শুরু করে, বিভিন্ন ধরনের পাবলিক পরীক্ষা ও চাকরির পরীক্ষাগুলোতে প্রতিনিয়ত প্রশ্ন ফাঁস হচ্ছে। ফলে সঠিক মেধাবীরা লেখাপড়ার আগ্রহ হারিয়ে ফেলছে। একটি জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিতে প্রশ্নফাঁসই যথেষ্ট। অচিরেই আমাদের প্রশ্ন ফাঁস রোধ না করলে দেশে মেধাহীন ও অজ্ঞতা বিরাজ করবে। তাই প্রশ্ন ফাঁস রোধে শুধু সরকারি আইন প্রয়োগই যথেষ্ট নয়, তাই আমাদের শিক্ষার্থী ও অভিভাবকের যথেষ্ট প্রচেষ্টা থাকতে হবে।
মো. কাজিউল ইসলাম
১ম বর্ষ, রসায়ন বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
০০০০০০০০০০০০০০০০০
প্রশ্নপত্র ফাঁস রোধে
কঠোর আইন প্রণয়ন
করতে হবে
বাংলাদেশে সরকার বদল হয়। বদল হয় ক্ষমতার। পাল্টে যায় প্রধানমন্ত্রী, পাল্টে যায় শিক্ষামন্ত্রী। কিন্তু পাল্টায় না একটা চক্র। যে চক্র আমাদের শিক্ষার্থীদের মেরুদণ্ড ভেঙে দিয়ে বাংলাদেশকে একটা বোকার দেশে পরিণত করতে সদা প্রস্তুত। যে চক্রের ফাঁদে প্রতিনিয়ত পা দিচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী। যাদের স্বপ্ন শুধুমাত্র একটা চকচকে সনদপত্র। তাদের মধ্যে কোন জ্ঞানের আলো থাক বা না থাক। আর এইসব কোমলমতী শিক্ষার্থীদের চকচকে সাজানো-গোছানো ও মানসম্মত সনদপত্র প্রাপ্তিতে সাহায্য করছে বেশ কিছু চক্র। আর যারা এইসব চক্রের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করুন।
প্রণব কুমার সাহা
বিএসএস প্রথম বর্ষ
রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী।
০০০০০০০০০০০০০
প্রশ্নপত্র ফাঁস রোধে
চাই কঠোর আইন ও
এর যথাযথ প্রয়োগ
আমাদের দেশে পি.এস.সি থেকে শুরু করে বি. সি. এসসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যা প্রকৃত মেধাবী শিক্ষার্থী মূল্যায়নের বড় অন্তরায়। কতিপয় দুর্নীতিবাজ ও অসাধু লোক এই প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত । যাদেরকে আজ পর্যন্ত জনসমক্ষে হাজির করা হয়নি। প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধের জন্য প্রশ্নপত্র প্রণয়নে কঠোর গোপনীয়তা, যথাযথ মনিটরিং সিস্টেম, প্রশ্নপত্র বণ্টনের বিভিন্ন অসুবিধা দূর করতে হবে। প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের জন্য কঠোর আইন প্রণয়ন ও এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এর সাথে জড়িতদের দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। তাহলেই জাতির ভবিষ্যত্ প্রকৃত মেধাবীদের মূল্যায়ন করা যাবে।
সরকার মামুন
হিসাববিজ্ঞান বিভাগ
এম. বি. এস (শেষ বর্ষ)
সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ।
