বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ
ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি ইমপ্রেসিভ টেক্সটাইল মিলস লিমিটেডের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সোমবার সন্ধ্যায় শ্রমিকরা মিল গেইটের সামনে বিক্ষোভ মিছিল করে। এ সময় মিল কর্তৃপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়।
জুন মাসের বেতনসহ চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবি করে শ্রমিকরা মিল কর্তৃপক্ষের সাথে বার বার আলোচনা করার পরও মিল কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা না দেয়ায় সোমবার সন্ধ্যায় মিল গেইটে তারা অবস্থান নেয়। পরে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় মিল কর্তৃপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে সোহেল (১৮), আবু সাইদ (২০), রাশেদুজ্জামান (১৯) ও সোহেল (২২)সহ কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়। আহতদের মধ্যে সোহেলের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে শ্রীপুরের মাওনা ও উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ইমপ্রেসিভ টেক্সটাইল মিলের জিএম রবিউল ইসলাম জানান, সময়মত ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বেতন দিতে না পারায় শ্রমিকরা উত্তেজিত হয়ে মিলে ভাংচুর করে। পুলিশে খবর দিলে শ্রমিকরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
