হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৮শ’ গ্রাম ওজনের ১৮টি সোনার বার ও ১৮ হাজার ২৪০ মার্কিন ডলারসহ আসলাম শেখ নামে এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক আসলাম শেখ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারী ও বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের টাওয়ার মসজিদের ইমাম। উদ্ধারকৃত সোনার মূল্য ৭১ লাখ টাকা।
শনিবার ভোরে টার্কিস এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে মিসরের রাজধানী কায়রো থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আসলাম শেখ। ফ্লাইট থেকে নেমে বিমানবন্দরের গ্রিণ চ্যানেল অতিক্রম করার সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় শুল্ক গোয়েন্দারা তার দেহ ও ব্যাগ তল্লাশি করে উল্লিখিত সোনা ও ডলার উদ্ধার করে। গত ৫ জুলাই আসলাম শেখ মিসর যান। আসলাম শেখের পিতার নাম মোতালেব শেখ। তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার সিরামকান্দি গ্রামে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
