অ্যালান ট্যুরিংকে নিয়ে চলচ্চিত্র

আপডেট : ২২ জুলাই ২০১৪, ১৯:৪১
কম্পিউটার বিজ্ঞানের অন্যতম পথিকৃত্ হিসেবে স্বীকৃত অ্যালান ট্যুরিং। ব্রিটিশ এই প্রতিভাবান একাধারে গণিতবিদ, যুক্তিবিদ, কম্পিউটার বিজ্ঞানী এবং গোপন সংকেত উদ্ধারে (ক্রিপ্টোগ্রাফি) পারদর্শী ছিলেন। তার উদ্ভাবিত ট্যুরিং মেশিনই আধুনিক কম্পিউটারের আদিরূপ হিসেবে গণ্য হয়ে তাকে। তত্ত্বীয় কম্পিউটার বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবেও অ্যালান ট্যুরিংকেই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। ‘অ্যালগরিদম’, ‘কম্পিউটেশন’ প্রভৃতি শব্দগুচ্ছেরও তিনিই প্রণেতা। গণিত, পদার্থ বিজ্ঞান প্রভৃতি শাখাতেও রয়েছে তার অনন্য অবদান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানদের এনিগমা কোড ভাঙার রোমাঞ্চকর সময়কে উপজীব্য করেই এবারে তৈরি হয়েছে একটি চলচ্চিত্র। ‘দ্য লিমিটেশন গেম’ শিরোনামের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মর্টেন টিলডাম। শার্লক হোমস টিভি সিরিয়ালে শার্লক হোমসের চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ এই চলচ্চিত্রে অ্যালান ট্যুরিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন। সেপ্টেম্বরে টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বলে আশা করা হচ্ছে।