ওয়াশিংটন পোস্টের সাংবাদিক তেহরানে ‘আটক’

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:৩৫
স্ত্রীসহ তেহরানে আটক হয়েছেন ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিক। গত মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে সংবাদ-পত্রটির পক্ষ থেকে জানানো হয়েছে। জেসন রেজেইয়ান (৩৮) এবং তার ইরানি স্ত্রী ইয়েগানেহ সালেহিকে মঙ্গলবার সন্ধ্যায় আটক করে হাজতে পাঠানো হয়। জেসনের ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ নাগরিকত্ব রয়েছে। এছাড়া আরো দুই ইউএস ফ্রিল্যান্স ফটোগ্রাফার আটক হয়েছেন বলে জানিয়েছে পত্রিকাটি। ইরানে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যম ও তাদের সংবাদকর্মীদের বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। সাংবাদিকরা আটক ও নজরদারির মত বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন বলে জানা যায়। জেসন ২০১২ সাল থেকে ইরানের প্রতিবেদক হিসেবে কাজ করে আসছেন। তার স্ত্রী সালেহি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি ইংরেজি দৈনিকে কাজ করছেন।