বেনাপোল চেকপোস্টে আমদানি রপ্তানি বন্ধ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:০৯
বেনাপোল চেকপোস্টে অস্থায়ীভাবে নির্মিত আমদানি পণ্যবাহী ট্রাক এন্ট্রি শাখা (টোং ঘর) রাতের আধারে বিজিবি কর্তৃক সরিয়ে দেয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দু’দেশের বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে বেনাপোল কস্টম ও বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল বন্দরের উপ সহকারী পরিচালক আব্দুল জলিল ও কাস্টমস’র সহকারী কমিশনার সাধন কুমার কুন্ডু বলেন, বেনাপোল চেকপোস্ট বিজিবি বুধবার রাতে অস্থায়ীভাবে নির্মিত কার্গো শাখার টোং ঘরটি উচ্ছেদ করেছেন। এতে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের পর তা এট্রি ও মেনিফেস্ট নম্বর রেজিস্টারে লিপিবদ্ধ করার কোন পরিবেশ না থাকায় আমদানি- রফতানি বন্ধ রাখা হয়েছে। তারা অভিযোগ করে বলেন, বিজিবি রাতের আধারে জোর করে কাস্টম ও বন্দরের দুটি অস্থায়ী টোং ঘর সরিয়ে দিয়েছেন। ফলে কাজ করা সম্ভব হচ্ছে না। যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে রাস্তার উপর অস্থায়ীভাবে একটি কাঠের ঘর তৈরি করে তারা কার্গো শাখার কার্যক্রম চালিয়ে আসছিল। আন্তর্জাতিক চেকপোস্টের সৌন্দর্য নষ্ট হওয়ার বিষয়টি বারবার বন্দর ও কাস্টম কর্তৃপক্ষকে অবহিত করা সত্ত্ব্বেও তারা এব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ না করায় বাধ্য হয়েই আমরা তা সরিয়ে দিয়েছি।