উপজেলার মিটুয়ানীতে গত বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনায় ভাসমান অবস্থায় আরো এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বেনু বেগম (২৫) চৌহালী উপজেলার জোতপাড়া গ্রামের আকতার হোসেনের স্ত্রী। গতকাল শুক্রবার পাথরাইলের যমুনা নদীতে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮-এ। চৌহালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে বিআইডাব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ আশা-১ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সমন্বয়ে উদ্ধার কাজ শুরু করেছে। দেড় ঘন্টাব্যাপী এ উদ্ধার তত্পরতা চলাকালে ডুবে যাওয়া ওই নৌকাসহ কোন লাশ উদ্ধার করতে পারেনি তারা। নদীর প্রচণ্ড স্রোতে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলেও কাজের তদারকিতে নিয়োজিত বিআইডাব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম শাহজাহান হোসেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী জানিয়েছেন। এদিকে উদ্ধারকাজ চলাকালে নদীর পাড়ে অসংখ্য মানুষ তাদের স্বজনের লাশ পেতে অপেক্ষায় রয়েছে ভোর থেকেই।
সিরাজগঞ্জ-৫ আসনের স্থানীয় এমপি আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল জানান, নিহতদের পরিবার প্রতি লাশ দাফনের জন্য আপাতত ১০ হাজার করে টাকা প্রদান করা হচ্ছে। গত বৃহস্পতিবার মিটুয়ানী থেকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে একটি নৌকা চরসলিমাবাদ ঘাটে যাচ্ছিল। নৌকাটি একটি পরিত্যক্ত সেতুর সঙ্গে সজোরে ধাক্কা লেগে ডুবে যায়।
