একক অপটিক্যাল ফাইবার ব্যবহার করে তথ্য স্থানান্তরের গতিতে নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন ডেনমার্কের একদল গবেষক। দেশটির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিশেষ ধরনের অপটিক্যাল ফাইবার ব্যবহার করে সেকেন্ডে ৪৩ টেরাবিট পর্যন্ত গতি পেয়েছেন বলে দাবি করেছেন। জাপানের এনটিটির তৈরি নতুন এক ধরনের অপটিক্যাল ফাইবার ব্যবহার করে এই গতি অর্জন করেন গবেষকরা। এই অপটিক্যাল ফাইবার আকৃতিতে সাধারণ অপটিক্যাল ফাইবারের মতো হলেও এর মধ্যে প্রচলিত অপটিক্যাল ফাইবারের একক কোরের বদলে ব্যবহার করা হয়েছে সাতটি কোর। তথ্য স্থানান্তরের গতির এর আগের রেকর্ডটি ছিল জার্মানির কার্লশ্রুয়ে ইনস্টিটিউট ফর টেকনোলজির গবেষকদের। তারা সেকেন্ডে ৩২ টেরাবিট পর্যন্ত গতি লাভ করেছিলেন। বিশ্বব্যাপী ইন্টারনেটে ব্যবহার ও অনলাইন তথ্যের পরিমাণ ক্রমেই বাড়ছে। বিশেষত ক্লাউড কম্পিউটিংয়ের জনপ্রিয়তার কারণেই ‘বিগ ডাটা’ এখনকার সময়ের অন্যতম এক প্রবণতা। ফলে অধিক পরিমাণ তথ্যের ব্যবহারকে সহজ করতে অধিক গতির ইন্টারনেট সংযোগের চাহিদা তৈরি হচ্ছে বিশ্বব্যাপী। এরই প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরাই আরও বেশি গতিতে তথ্য স্থানান্তর প্রক্রিয়া নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। ডেনমার্কের গবেষক দল সেই গবেষণায় নতুন রেকর্ড গড়তে সমর্থ হলো।
