দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের কলেজ শাখাটি দীর্ঘ ১৫ বছরেও এমপিওভুক্ত হয়নি। বেতন পাওয়ার আগেই সরকারি নিয়মানুযায়ী মাসুরা খাতুন নামের সমাজ বিজ্ঞান বিভাগের এক প্রভাষিকা অবসরে গেছেন। এমপিওভুক্তি না হওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কলেজের শিক্ষক ও কর্মচারীরা।
উত্তর লক্ষ্মীপুর স্কুল শাখার সাথে ১৯৯৯ সালে শিক্ষাবোর্ডের স্বীকৃতিসহ যাবতীয় অনুমোদন নিয়ে ঐ বছর থেকেই কলেজ শাখার একাদশ শ্রেণির পাঠদান শুরু হয়। এরপর থেকে শিক্ষকসহ সংশ্লিষ্টরা নিজ নিজ মেধাশ্রম দিয়ে প্রতিবছর ভালো ফলাফল করালেও এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়নি। ভাগ্যে বেতনভাতা না জুটলে বিনা বেতনে খালিহাতে কলেজ থেকে বিদায় নিয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষিকা মাসুরা খাতুন। ইহলোক ত্যাগ করেছেন কলেজ শাখার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রবীন্দ্রনাথ সরকার।
কলেজের দর্শন শাস্ত্রের প্রভাষক জাবেদ পারভেজ মুন্না ও ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষিকা সৈয়দা আক্তারা কায়সার বলেন, অনেক আশা-ভরসা নিয়ে কলেজের শিক্ষকতা করতে এসেছিলেন। এরইমধ্যে জরুরি অবস্থার সরকারসহ তিনটি নির্বাচিত সরকারের ক্ষমতা বদল এবং বর্তমান সরকারের এ সময়ের মধ্যেও এমপিওভুক্ত হয়নি। এ কারণে অনেক শিক্ষকই উচ্চশিক্ষা নিয়েও আর্থিক দৈন্যতা এবং জীবন-জীবিকার কারণে চাকরি ছেড়ে মুদি ব্যবসাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছেন। তবে বর্তমানে যারা শিক্ষকতায় রয়ে গেছেন তারাও আর কলেজে শিক্ষকতা করেন এই পরিচয়টুকুও দেন না। কারণ পরিচয় দিলেই লোকজন জানতে চায় এমপিওভুক্ত কী না। লজ্জায় আর পরিচয় দিতে ইচ্ছা করে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করেছেন। তবে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার তালিকায় আছে বলে জানা গেছে।
