মনের ভাব বুঝার সফটওয়্যার তৈরি করছে ডেল

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ১৯:৪৩
যন্ত্রের সাথে মানুষের সম্পর্ক নিয়ে নিরবচ্ছিন্ন গবেষণা চলে আসছে দীর্ঘদিন ধরেই। যন্ত্রের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনের মাধ্যমে মানুষের মন এবং মনের ভাব বুঝতে পারার মতো সামর্থ্য তৈরির গবেষণা এরই অংশ হিসেবে চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এবারে শীর্ষ পিসি নির্মাতা ডেল জানিয়েছে তারা এমন একটি সফটওয়্যার তৈরি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে, যা মানুষের মনের ভাবকে বুঝতে পারবে। ২০১৭ সাল নাগাদ এই সফটওয়্যার বাজারে নিয়ে আসতে পারার সম্ভাবনার কথা জানিয়েছেন ডেলের গবেষকরা। বর্তমানে বাজারে মস্তিষ্কের গতিবিধি নজরদারি করার মতো যেসব হেডফোন রয়েছে, সেগুলো নিয়েই গবেষণা চালিয়ে যাচ্ছেন ডেলের গবেষকরা। আর এসব হেডফোন মস্তিষ্কের যেসব সিগন্যাল শনাক্ত করে থাকে, সেগুলোকে বিশ্লেষণ করেই ডেলের সফটওয়্যারটি মানুষের মনের ভাবকে সঠিকভাবে বুঝতে পারবে। ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার ছাড়াও অফিস-আদালতেও এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে কাজে গতি নিয়ে আসা সম্ভব বলে জানিয়েছেন ডেলের গবেষক জয় মেনন। তিনি বলেন, ‘মস্তিষ্কের গতিবিধি বুঝার মতো হেডফোনের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে, কোনো একজন অত্যন্ত মনোযোগের সাথে তার কাজ করে যাচ্ছে, তাহলে একটি সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে এমন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব যাতে কাজে তার মনোযোগে ব্যাঘাত না ঘটে। যেমন এ সময় তার কাছে আসা ফোনকলগুলোকে হয়তো স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া যেতে পারে ভয়েসমেইলে। মোট কথা এমন কিছু যাতে না ঘটে যাতে তার কাজের মনোযোগ অন্য কোনো দিকে সরে না যায়। আবার কেউ হয়তো দীর্ঘ সময় ধরে মনোযোগের সাথে কোনো কাজ করছে। সেক্ষেত্রে এই সফটওয়্যারটি তাকে নির্দিষ্ট সময়ের জন্য বিরতি নেওয়ারও আহ্বান জানাতে পারে। এতে করে কিন্তু শেষ পর্যন্ত কাজের মানই ভালো হবে।’ তিনি জানান, প্রাথমিকভাবে যে সফটওয়্যারের প্রোটোটাইপ তৈরি করা হয়েছে, সেটি অর্ধেকবার মনের ভাবকে সঠিকভাবে নির্দেশ করতে পারে। তবে গবেষণা অব্যাহত থাকলে এই হার অনেকটাই বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাতে করে বিভিন্ন মনোভাবের সময় প্রয়োজনীয় কাজের পরামর্শ দেওয়ার মতো বুদ্ধিমত্তা সফটওয়্যারে সংযোজনও সহজ হবে বলে জানান তিনি।