ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রীসেবা দিচ্ছেন স্কাউটস সদস্যরা। ঈদকে কেন্দ্র করে গত চারদিন ধরে তারা এ সেবা দিয়ে যাচ্ছেন। আখাউড়ার খড়মপুর মাজারের ওরসকে কেন্দ্র করেও স্কাউটস সদস্য এ সেবা দিয়ে যাবেন বলে জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার দেখা যায়, বিশেষ পোশাক পরিহিত কয়েকজন যুবক। ট্রেন ঢোকার পূর্ব মুহূর্তে বাঁশি বাজাতে শুরু করলেন। দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য রেললাইনের ঠিক পাশ থেকে তারা সরিয়ে দিচ্ছেন অপেক্ষমান ট্রেন যাত্রীদের। ট্রেন আসার পরও ব্যস্ত হয়ে পড়ে ওই যুবকরা। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের যাত্রীদেরকে আগে নামতে ও পরে উঠার অনুরোধ করছেন। ট্রেনে উঠতে সাহায্য করছেন বৃদ্ধ, শিশুসহ অন্য যাত্রীদেরকে। তারা সবাই আখাউড়া সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সদস্য।
স্কাউটস গ্রুপের নেতা মো. শফিকুল ইসলাম সবুজ ও কিবরিয়া হাসান সিয়াম জানান, গত পাঁচদিন ধরেই দিনের বেলা আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রী সেবা দেয়া হচ্ছে। এছাড়া যাত্রীদেরকে টিকিট কাটায় উদ্বুদ্ধ করা, চুরি-ছিনতাই সম্পর্কে সতর্ক থাকতে আহবান জানানো হচ্ছে।
