মানসিক অবসাদ থেকে বন্ধ্যাত্ব !

আপডেট : ০৫ আগস্ট ২০১৪, ২১:৩৩
মহিলাদের বন্ধ্যাত্বের নানা কারণ রয়েছে। তবে সম্প্রতি বিশেষজ্ঞগণ বন্ধ্যাত্বের বা ইনফার্টিলিটির একটি নতুন কারণ শনাক্ত করেছেন। তা হচ্ছে অতিমাত্রায় মানসিক অবসাদ বা মানসিক চাপ থেকে মহিলাদের বন্ধ্যাত্ব হতে পারে। আর গবেষণালব্ধ এই তথ্যটি প্রকাশিত হয়েছে হিউম্যান রিপ্রডাকশন জার্নালে। সাধারণত: স্বামী-স্ত্রীর কোন ধরনের জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া এক বছরের মধ্যে কোন সন্তান না আসলে প্রাথমিকভাবে ইনফার্টিলিটি ধরা হয়। বিশেষজ্ঞগণ প্রবল মানসিক চাপ রয়েছে এমন ৪০১ জন মহিলার ওপর জরিপ চালান যারা সন্তান নিতে আগ্রহী। এক বছর পর দেখা যায়, তাদের সন্তান ধারণের চেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। তবে স্ট্রেচ থেকে ইনফার্টিলিটি সমস্যা এত ব্যাপক হতে পারে এমনটি আগে কখনও ভাবা হয়নি। সাধারণত:ফেলোপিয়ান টিউবের ব্লক, হরমোনের সমস্যা, জরায়ুর সমস্যা, ধূমপান ও বয়স ইত্যাদি নানা কারণে মহিলাদের বন্ধ্যাত্ব হতে পারে। তবে বিশেষজ্ঞগণ বলছেন, মানসিক চাপ থেকে বন্ধ্যাত্বের বিষয়টি নিয়ে আরও গবেষণার দরকার রয়েছে। এবং মহিলাদের বন্ধ্যাত্বের প্রধান বা একমাত্র কারণ মানসিক চাপ নয়। অন্যান্য কারণসমূহ শনাক্ত করে ব্যবস্থা নেয়া উচিত। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ