ই-বুক রিডারে আগ্রহ হারাচ্ছে সনি

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:০৯
ই-বুক রিডারের বাজারে অন্যতম প্রতিদ্বন্দ্বী সনি। তবে সময়ের সাথে সাথে এই পণ্যটি থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে তারা। ই-বুক রিডারের আশানুরূপ বাজার ধরতে ব্যর্থ হওয়ার কারণেই নতুন কোনো মডেলের ই-বুক রিডার তৈরিও করবে না তারা। সম্প্রতি বিবিসির কাছে এমনটিই জানিয়ে সনি বলেছে, ‘বর্তমানে ই-বুক রিডারের যেসব মডেল রয়েছে, তার বাইরে নতুন কোনো মডেল তৈরির পরিকল্পনা এখন আমাদের নেই।’ এর আগেই অবশ্য চলতি বছরের শুরুর দিকে ই-বুক বিক্রি বন্ধ করে দেয় সনি। তাদের গ্রাহকদের ওই সময় থেকেই প্রতিদ্বন্দ্বী কোবো ই-বুক রিডারের ই-বুকস্টোর ব্যবহার করার পরামর্শ দেয় সনি। সনির এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গ্রাহকরা ফেব্রুয়ারি এবং ইউরোপের গ্রাহকরা মে মাস থেকে সরাসরি কোবো ই-বুকস্টোরে রিডিরেক্ট হচ্ছেন। স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির বিক্রি ক্রমেই বৃদ্ধি পাওয়ায় ই-বুক রিডারের বাজার বেশ কঠিন হয়ে পড়েছে বলেই মনে করছে সনি।