৬২ বছর দাম্পত্য জীবন কাটিয়ে যুগল মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২০:৪৬
জীবনের ৬২টি বছর একসঙ্গে কাটানো যুক্তরাষ্ট্রের একটি যুগলের স্বাভাবিক মৃত্যু হয়েছে মাত্র চার ঘণ্টার ব্যবধানে। অন্তিম ইচ্ছায় জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছেন একই কক্ষে। ক্যান্সার আর বার্ধক্যের যন্ত্রণায় কাতর হয়েও মৃত্যুর কয়েকঘণ্টা আগে তারা শক্ত করে ধরেছিলেন একে অন্যের হাত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ড এলাকার যুগল ডন ও ম্যাক্সিন সিম্পচনের পরিবারের লোকজনের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা এমন প্রতিবেদন প্রকাশ করে। ডন-সিম্পচন যুগলের নাতনী মালিশা তার দাদা-দাদীর এই মৃত্যুর ঘটনাটি বর্ণনা করেন স্থানীয় কেইআরও-টিভি কাছে। বৃদ্ধা সিম্পচন ছিলেন ক্যান্সারের রোগী আর তার স্বামী ডন মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে পড়ে গিয়ে ঊরুর হাড় ভেঙ্গেছিলেন। জীবনের পড়ন্ত বেলায়ও তারা একসঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন।