উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধার ভাতার টাকায় শিক্ষা বৃত্তি চালু

আপডেট : ০৬ আগস্ট ২০১৪, ২১:১৪
উল্লাপাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিকুল আলম খান তার মুক্তিযোদ্ধা ভাতার টাকা দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার কানসোনা গ্রামের বাসিন্দা রফিকুল স্থানীয় সলপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তার বাবার নামে এই বৃত্তি কার্যক্রম চালু করবেন। সলপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম জানান, রফিকুল আলম খান মঙ্গলবার সলপ স্কুলে গিয়ে তার এই মহতি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুক্তিযোদ্ধা ভাতার টাকায় চলতি শিক্ষা বছর থেকেই এই বৃত্তি কার্যক্রম শুরু হবে। প্রতি বছর ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বাছাইকৃত মোট ২৪ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে।