ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের স্বামী ও স্ত্রী দু’জনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাদের নাম মোশারেফ হোসেন (৩০) ও সেলিনা বেগম (২৫)। বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত মোশারেফের ফুফু শাশুড়ি রাবেয়াকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত দম্পতির ৬ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শীসহ পক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মো. বশির জানান, বিদ্যুতের খাম্বা থেকে মোশারেফের ঘরের সাথে সংযোগকারী মেইন তারটি ছিঁড়ে যায়। ওই তার মোশারেফ উঠাতে গেলে তার গায়ের সাথে লেগে গেলে তিনি চিত্কার দিতে থাকেন। সেলিনা বেগম স্বামীকে ছাড়াতে গেলে উভয়ই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পড়েন। মোশারেফেরে ফুফু শাশুড়ি রাবেয়া তাদের ছাড়াতে গেলে তিনিও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বিদ্যুত্স্পৃষ্টদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মোশারেফ ও সেলিনাকে মৃত ঘোষণা করে। আহত রাবেয়াকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন জানান, থানায় কোনো মামলা হয়নি।
