বিএনপি’র সরকার পতনের আন্দোলন

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:০১
আন্দোলন সফল হওয়ার মত কোন লক্ষণ নেই সরকার পতনের জন্য চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। কিন্তু এতদিনেও সুনির্দিষ্ট কোন কর্মসূচি দিতে পারেনি দলটি। আন্দোলনকে সামনে রেখে ঢেলে সাজানো হয়েছে ঢাকা মহানগর বিএনপিকে। আর সেই কমিটি ঘোষণার পর দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বের গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরে সাংগঠনিক অবস্থা খুবই লাজুক। জেলা উপজেলা পর্যায়ের অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। নিজেদের মধ্যে কোন্দলের কারণে ছাত্রদল ও যুবদলও এখন ঝিমিয়ে পড়েছে। এক সময়ের রাজপথ কাঁপানো যুবদলের নেতা কর্মীরা রাজপথ ছেড়ে ঘরমুখো হয়েছে। ভেঙ্গে পড়েছে দলের চেইন অব কমান্ড। সব মিলিয়ে দলটির আন্দোলন করার সামর্থ্য নিয়েও প্রশ্ন আছে। সময়োপযোগী কোন ইস্যু ছাড়া পুরনো ইস্যুতে আন্দোলন করলে তা সফল হওয়ার সম্ভাবনা নেই। মো. মাসফিকুর রহমান বায়েজীদ বি,এস,এস (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। ০০০০০০০০০০০ বিএনপির রোগাক্রান্ত আন্দোলনে আওয়ামী লীগের কিছুই হবে না রাজনীতিতে আন্দোলন বিষয়টা হাড্ডি-গোশত সম্পর্ক। তার মানে এই নয় যে, যখন-তখন অযথা অকারণে আন্দোলন করা যাবে। বিরোধী দল ঈদের পর-পরই আন্দোলনের ডাক দিয়েছেন। কিন্তু কে করবে আন্দোলন? বলিষ্ঠ কণ্ঠের নেতাদের নামে দুর্নীতির অভিযোগ আছে। মামলা চলছে। তাদের চোখে ভাসে জেলখানা আর। সুতরাং এবারের আন্দোলনে ছাত্রদল বা ছাত্রশিবির এতো লম্ফ-ঝম্ফ মারবে না। আর লম্ফ-ঝম্ফহীন আন্দোলনকে আন্দোলন বলে না। সোজা কথা রোগাক্রান্ত আন্দোলন দিয়ে কিছুই করতে পারবে না। পল্লব কুমার যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল সপ্তম সেমিষ্টার ০০০০০০০০০০০ বিএনপিকে আন্দোলনের জন্য প্রথমে সঠিক ইস্যু তৈরি করতে হবে একটি দেশের সরকার পতনের জন্য যতটুকু জনসম্পৃক্ততা দরকার, বিএনপি কি ততটুকু জনসম্পৃক্ত করার মত নির্দিষ্ট কোন ইস্যু তৈরি করতে পেরেছে? যদি নির্দিষ্ট ও যৌক্তিক কোন ইস্যু তৈরি করতে না পারে তাহলে জনগণ কেন তাদের আন্দোলনে সাড়া দিবে? সরকার পতন বড় কঠিন কাজ। ঘরে বসে হুমকি ধামকি দিলে সরকার পতন হয় না। তবে জনগণ পাশে থাকলে, রাজপথে নামলে এটা খুব কঠিন কাজও নয়। কিন্তু বিএনপি গণআন্দোলন করার মত সুনির্দিষ্ট কোন ইস্যু জনগণের সামনে তুলে ধরতে পারেনি। তাদের একটাই ইস্যু আমার চোখে পড়েছে, যে ৫ জানুয়ারির নির্বাচন বৈধ হয়নি। এই সরকার অবৈধ। তাই এই সরকারকে বেশিদিন ক্ষমতায় থাকতে দেয়া যায় না। তাহলে কি আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনের ডাক দিচ্ছেন? আমার মনে হয় বিএনপি ভুল পথে এগুচ্ছে, জনগণের মাঝে তুলে ধরুন। তারপর সরকার পতনের ডাক দিন। জনগণ আপনাদের পাশে থাকবে। শফিউল আলম প্রধান ১ম বর্ষ, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ০০০০০০০০০০০ গণআন্দোলনের মাধ্যমে সরকার পতন সম্ভব ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও আজ পর্যন্ত বাংলাদেশে রাজ-নৈতিক স্থিতিশীলতা আসেনি। সংবিধান রক্ষা, জনগণের স্বার্থ তথা গণতন্ত্রকে রক্ষার জন্য বিএনপি নেত্রীর সরকার পতনের আহ্বানে সকলকে অংশগ্রহণ করা উচিত। কেন না, আওয়ামী লীগ সরকার সংবিধান লঙ্ঘনের মাধ্যমে জনগণের স্বার্থ উপেক্ষা করে ক্ষমতায় এসে দলের ও ব্যক্তিস্বার্থের জন্য দেশের সম্পদ এবং নাগরিকের অধিকার খর্ব করছে। তবে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও নীতি তথা কোন অবৈধ পন্থা অবলম্বন করা উচিত নয়। লক্ষণীয় বিষয় বিএনপির মধ্যে সাংগঠনিক দক্ষতা, কাঠামো, সঠিক সাহস ও গণতন্ত্র চর্চার অভাব রয়েছে। যদি এই দুর্বল অবস্থা কাটিয়ে জনসমর্থন নিয়ে আন্দোলনে নামে তবেই গণআন্দোলনের মাধ্যমে সরকার পতন সম্ভব। মো. মাহবুবুর রহমান সম্মান চতুর্থ বর্ষ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ, খুলনা ০০০০০০০০০০ আন্দোলনের নামে নিরীহ মানুষের যেন প্রাণ দিতে না হয় কথা হচ্ছে যে, এই বিএনপি সরকার পতনের আন্দোলনের জন্য নেমেছে ঈদের আগ থেকে, কিন্তু এটা কেমন আন্দোলন? সাধারণ জনগণকে পুড়িয়ে মারা, জনগণকে আর্থিকভাবে কষ্টে ফেলা, হরতাল দিয়ে দেশের সম্পদ নষ্ট করা, আমার তো মনে হয় এগুলো ছাড়া তো আর কিছুই হয় না। আমি তো দেখেছি যে বিরোধী দল মুখ থেকে আন্দোলনের কথা বের করলেই সরকার পক্ষের মন্ত্রীরা কথা দিয়ে উল্টো জবাব দেয়। তারা মুখে মুখে বলে আন্দোলন করতে গিয়ে নিরীহ মানুষ প্রাণ হারায়, এ কেমন রাজনীতি? দেশের জনগণের জন্যই তো সরকার বা বিরোধী দল, তাহলে তারা কি জনগণের প্রাণ হারিয়ে সরকার হতে চায়? তাদেরকে বলবো তাদের কি মনে পড়ে না সেই শাপলা চত্বরের ঘটনা জামায়াতের দেলওয়ার হোসেইন সাঈদীর রায় শুনে যে এক প্রকার যুদ্ধের মতো ঘটনা ঘটেছিল। অনেক মানুষ প্রাণ হারিয়েছে। সবচেয়ে বড় কথা হলো তারা আখেরাতের দুনিয়ার কথা ভুলে গেছে। ইসলাম ধর্মের অর্থ শান্তি। আর বাংলাদেশের সব দলই তো চিন্তা করা উচিত যে, আমি যাই কিছু করি না কেন আমার তো সেটার বিচার খোদা করবে। তাহলে পরকালের কথা চিন্তা করে হলেও তো দেশ জাতির কথা ভেবে কাজ করা দরকার। মো. মোশারফ হোসেন সোহাগ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

এ সম্পর্কিত আরও পড়ুন