কালকিনিতে বিদ্যুত্ সংযোগের নামে টাকা আত্মসাত্

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ২১:২৪
কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামে বিদ্যুত্ সংযোগ দেয়ার নামে ৫০টি পরিবার থেকে উত্তোলিত ৬০ হাজার টাকা দুই প্রভাবশালী আত্মসাত্ করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় তিন নারীকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মাদারীপুর পল্লী বিদ্যুত্ সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম বলেন, ‘গ্রামে নতুন বিদ্যুত্ সংযোগ দেয়ার কথা বলে আন্ডারচর গ্রামের শাহজামাল হাওলাদার ও সাগর আকন ৫০টি পরিবার থেকে এক হাজার দু’শ’ টাকা করে হাতিয়ে নেয়। পরে গ্রামবাসীর অভিযোগে প্রেক্ষিতে কর্মকর্তারা সরেজমিনে তদন্তে এসে ওই অনিয়মের প্রমাণ পেলেও পল্লী বিদ্যুত্ সমিতি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। টাকা ফেরত চাওয়ায় সালমা, তাহমিনা ও চায়না বেগম নামে তিন নারীকে মারধর করা হয়। এ ঘটনায় আন্ডারচর গ্রামের রেজাউল হাওলাদারের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে আদালতে মামলা করেছেন।