সবার উপরে দেশ, ক্ষমতা নয়
দেশে বিরোধী দল ও সরকারি দল উভয়ই থাকবে, আন্দোলনও থাকবে তবে আন্দোলন করার আগে মনে রাখবেন এদেশের ৮০ ভাগ মানুষ দিন আনে দিন খায়। তাদের রুটি-রুজি বন্ধ করার অধিকার দেশবাসী আপনাদের দেয়নি। দেশটা কোন রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়, একে নিয়ে ভাগাভাগি করবেন, প্রবঞ্চনা করবেন। পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন তারা রাজনীতি করে প্রতিদ্বন্দ্বী নয় বরং প্রতিযোগী হয়ে। একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলকে শ্রদ্ধা-সম্মান করে মিডিয়ার সামনে কথা বলে। তাই বিএনপিকে বলছি আপনারা সরকার পতনের আন্দোলন করতে গিয়ে যে চোরাগলিতে নিজেদের পথ হারিয়ে ফেলেছেন তার পথ আগে খুঁজে বের করে সেখান থেকে বেরিয়ে আসেন।
নীহারিকা
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম)
এলএলবি, ১ম বর্ষ, মহানগর ল’, কলেজ (ঢাকা)
বিএনপিকে অবশ্যই আন্দোলনে নামতে হবে, কিন্তু...
এবারের সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও দেশের জনগণ মনে করে বিএনপিই বাংলাদেশের শক্তিশালী বিরোধীদল। আর বিরোধীদল হিসেবে বিএনপিকে অবশ্য অবশ্যই আন্দোলনে নামতে হবে। তা না হলে দেশের সাধারণ মানুষ সরকারের দোষত্রুটি ধরতে পারবে না। একমাত্র বিরোধীদলই পারে সরকারের টনক নড়াতে। সরকারের মুখোশ খুলতে বিরোধীদলের ভূমিকা অপরিসীম। কিন্তু আন্দোলনের নামে যদি হয় জ্বালাও, পোড়াও তবে বিএনপির প্রতি সাধারণের যে বিশ্বাস আছে সেটা ধূলিসাত্ হয়ে যাবে। তাই বিএনপিকে আহ্বান জানাই শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তুলতে।
মো. তরিকুল ইসলাম তারেক
(অনার্স)
কারমাইকেল কলেজ, রংপুর
মানুষকে পুড়িয়ে মারা বন্ধ করে জনগণের পাশে দাঁড়ান
বিএনপি হরতাল-অবরোধের নামে যখন মানুষ পুড়িয়ে মারার উত্সবে মেতে উঠেছিল, তখন বাঙালি জাতি ছিল নির্বাক, বাংলাদেশ স্তব্ধ। খবর ও বিভিন্ন মিডিয়া চ্যানেল দেখে আমার শরীর শিহরে উঠেছিল, চোখে পানি চলে এসেছিল। আর মনে প্রশ্ন জেগেছিল আমরা কি এতোটাই অসহায়। ক্ষমতার লোভে দেশকে অস্থিতিশীল করার কোন চেষ্টাই আমরা ছাত্রসমাজ মেনে নিতে পারি না। মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে ‘আর কতো রক্ত, আর কত জীবন গেলে দেশ ও জাতির এরকম পরিণতি হবে না’।
আমরা কোনক্রমেই চাইব না আমার আর একটি ভাইয়ের রক্ত ঝরুক। আপনারা মানুষকে নিয়ে সুন্দর ও শান্তিপূর্ণ সমাবেশ করতে পারেন। বিএনপির আন্দোলনে জনদুর্ভোগ বাড়বে, অনেক অসহায় মানুষ মারা যাবে। আর তাই আমার মনে হয়, দেশবাসীর কল্যাণ ভেবে বিএনপির সরকার পতনের আন্দোলনে না যাওয়াই ভালো। এতে দেশবাসী উপকৃত হবে।
মো. সৌমিক সারওয়ার সম্রাট সরকার
দর্শন বিভাগ, ১ম বর্ষ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
