নতুন অ্যাকাউন্টের জন্য ফোন নম্বর যাচাই বাধ্যতামূলক করেছে ইয়াহু, জিমেইল

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:২৮
ইমেইল সেবা হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তম দুই সেবা ইয়াহু মেইল এবং জিমেইলে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ফোন নম্বরের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ফলে এখন থেকে ইয়াহু মেইল কিংবা জিমেইলে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে চাইলে প্রয়োজন হবে ফোন নম্বরের যার মাধ্যমে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবে ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দুইটি। বিশ্বব্যাপী ইমেইলের মাধ্যমে স্প্যামিংয়ের পরিমাণ অব্যাহতভাবে বাড়তে থাকায় একে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জিমেইলের ওয়েবসাইটে এক বক্তব্যে গুগল বলেছে, ‘আমাদের গ্রাহকদের বিভিন্ন অপব্যবহার থেকে রক্ষা করতে ইমেইলে লগ-ইন করার ক্ষেত্রে অনেক সময় ক্যাপচা ব্যবহার করা হয়। তবে ফোন নম্বর ব্যবহার করে যাচাই করার সুযোগ এ ক্ষেত্রে অনেকটাই নিরাপত্তা প্রদান করে।’ এদিকে ইয়াহুর একজন মুখপাত্র বলেন, ‘গ্রাহক সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। ফোন নম্বর যাচাই করে এই বিষয়ে আমরা আরও বেশি সাফল্য দেখাতে পারব।’