টিআইবি’র অনুপ্রেরণায় তরুণ স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত ঢাকা ইয়েস (ইয়ুথ এনগেইজমেন্ট এ্যান্ড সাপোর্ট) গ্রুপ ও সর্বস্তরের তরুণদের অংশগ্রহণে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়। এই মানববন্ধনে অন্যায়ের বিরুদ্ধে চিরদুর্বার তারুণ্যের বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ। এছাড়া টিআইবি’র উপ-নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, ঢাকার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত ইয়েস গ্রুপের সদস্য, সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক, টিআইবি কর্মী ও বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, বাহান্নোর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এ দেশের তরুণরা। জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন প্রকৃতপক্ষে তরুণদের মাধ্যমইে দেখানো সম্ভব। তরুণদের অফুরন্ত সম্ভাবনাকে তাদের নিজেদের জন্য, সমাজের জন্য ও জাতির জন্য কাজে লাগাতে হবে।
অধ্যাপক ড. সুমাইয়া খায়ের বলেন, তরুণদের কর্মস্পৃহা ও কর্ম উদ্দীপনার ওপর জাতির সার্বিক উন্নতি নির্ভর করে। দেশপ্রেম ধারণ ও কর্মদক্ষতা বাড়ানোর মাধ্যমে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে ঘোষণা করে। টিআইবিএর অনুপ্রেরণায় সারাদেশে গঠিত ‘ইয়েস’ কার্যক্রমের আওতায় ইয়েস গ্রুপের সদস্যরা ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতাই এ বছর জাতিসংঘ ঘোষিত ‘তারুণ্য ও মানসিক স্বাস্থ্য’ শ্লোগানকে সামনে রেখে ‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস ২০১৪ পালন করছে।
