পাতলা ডিভাইসের জন্য ইন্টেলের নতুন প্রসেসর

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২০:২৭
কম্পিউটারের জন্য চিপ নির্মাতা হিসেবে দীর্ঘদিন ধরেই শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টেল। ভিন্ন ভিন্ন ধরনের কম্পিউটারের জন্য ভিন্ন ভিন্ন ধরনের প্রসেসর নির্মাণেও তাদের জুড়ি নেই। নতুন নতুন প্রযুক্তিতে সমৃদ্ধ প্রসেসরও তারা নিয়মিতই বাজারে নিয়ে আসে। এবারে তুলনামূলকভাবে হালকা-পাতলা ডিভাইসের জন্য তারা অবমুক্ত করেছে নতুন প্রসেসর। ‘ব্রডওয়েল’ কোডনামের এই প্রসেসর কম শক্তি ব্যবহার করলেও এগুলো উচ্চ পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে বলে জানিয়েছে ইন্টেল। পার্সোনাল কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট পিসি এবং সার্ভারের জন্যও কাজ করবে এই প্রসেসরগুলো। তাছাড়া ইন্টারনেট অব থিংসের ধারণা নিয়ে তৈরি করা বিভিন্ন প্রযুক্তি পণ্যেও ব্রডওয়েল প্রসেসর ব্যবহার করা যাবে। নতুন এই প্রসেসরের অন্যতম একটি সুবিধার দিক হলো এর ক্ষুদ্রাকৃতি। এমন ফর্ম ফ্যাক্টরের কারণেই এসব প্রসেসর ব্যবহার করা পিসিগুলোতে বাড়তি কুলিং ফ্যান ব্যবহার করার দরকার পড়বে না। ফলে কুলিং ফ্যানের কারণে যে বাড়তি জায়গা দরকার হতো এবং এর কারণে যে নয়েজ তৈরি হতো, তা থেকে পিসি মুক্ত থাকতে পারবে। এতে করে পিসির আকৃতিও খানিকটা ছোট হয়ে আসবে। ব্রডওয়েল প্রসেসরে ব্যবহার করা হয়েছে ১৪-ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস, যাতে করে আগের চিপগুলোর তুলনায় এতে অনেক বেশি সার্কিট যুক্ত করা সম্ভব হবে। তাছাড়া আগের হাসওয়েল প্রসেসর যেখানে ৬.৮ ওয়াট বিদ্যুত্ খরচ করত, সেখানে ৪.৯ ওয়াট বিদ্যুত্ খরচ করবে ব্রডওয়েল প্রসেসর। নতুন এই প্রসেসর সম্পর্কে এক বিবৃতিতে ইন্টেল বলেছে, ‘নতুন মাইক্রোআর্কিটেকচার এবং ম্যানুফ্যাকচারিং প্রসেসর ব্যবহারের কারণে নতুন ফর্ম ফ্যাক্টর উদ্ভাবন সহজ হয়েছে। এর ফলে আরও বেশি পাতলা ডিভাইস তৈরি সম্ভব হবে যেগুলো শব্দ উত্পন্ন করবে কম এবং এগুলো ঠাণ্ডাও থাকবে।’ খুব দ্রুতই এই প্রসেসরগুলো বিভিন্ন ডিভাইসে ব্যবহারের জন্য প্রযুক্তি পণ্য নির্মাতাদের কাছে পৌঁছাবে বলেই জানিয়েছে ইন্টেল।