মে মাসে শুরুর পর এবারে বিশ্বব্যাপী শিক্ষকদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম উন্মুক্ত করেছে গুগল। গুগল ক্লাসরুম প্রজেক্টের আওতায় এই ওয়েবসাইটে গুগল ড্রাইভ, গুগল ডকস এবং জিমেইলকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে করে শিক্ষকরা এই একটি প্ল্যাটফর্ম ব্যবহার করেই শিক্ষার্থীদের শেখানোর কাজটি করতে পারেন। গুগল অ্যাপস ফর এডুকেশন স্যুটের আওতাধীন এই প্রকল্পে বিশ্বব্যাপী শিক্ষকরা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে নিজেদের মধ্যে যোগাযোগ যেমন বাড়িয়ে নিতে পারবেন, তেমনি নিজেদের দক্ষতা বৃদ্ধিও করতে পারবেন। এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রদান করতে পারবেন। এরপর এখান থেকেই কারা কারা কাজ জমা দিয়েছে তা মনিটর করতে পারবেন এবং কাজগুলোও পরীক্ষা করতে পারবেন। আবার শিক্ষার্থীরাও নিজেদের মধ্যে যোগাযোগ গড়ে তুলতে এখানে স্ট্রিম তৈরি করে নিতে পারবেন। শিক্ষা সহায়ক এই উদ্যোগটি রাখা হয়েছে বিজ্ঞাপনমুক্ত এবং এখানকার কোনো তথ্য মার্কেটিংয়ের উদ্দেশ্যেও ব্যবহূত হবে না বলে জানিয়েছে গুগল। গুগল অ্যাপস ফর এডুকেশন ব্যবহারকারী যে কেউ www.google.com/edu/classroom সাইটে গিয়ে ব্যবহার করতে পারবেন এই সেবা।
