কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তীব্র পরিবহন সংকট চলছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে তুলনায় বাড়েনি বাসের সংখ্যা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য রয়েছে বিআরটিসির ভাড়া করা ৯টি বাস। যা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৮ বছর পেরিয়ে গেলেও নিজস্ব অর্থায়নে এখন পর্যন্ত মাত্র ২টি বাস ক্রয় করা হয়েছে। যাতে যাতায়াত করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শিক্ষার্থীর তুলনায় বাসের সংখ্যা কম হওয়ায় গাদাগাদি করে বাসের দরজায় ঝুলে ঝুঁকি নিয়ে ক্যাম্পাসে আসতে হয় শিক্ষার্থীদের। যেখানে ১টি বাসে ৫০ জনের ধারণক্ষমতা রয়েছে সেখানে প্রায় শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী নাদিয়া সুলতানা বলেন, ‘বাসের দরজায় এতই শিক্ষার্থীর ভিড় থাকে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারি না, অনেক কষ্টে বাসে উঠতে পারলেও বসার কোন সুযোগ পাওয়া যায় না ফলে দাঁড়িয়ে আসতে হয়।’
এই প্রসঙ্গে পরিবহন কমিটির আহবায়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড.বিশ্বজিত্ চন্দ্র দেব বলেন, ‘আমাদের পরিবহন সংকট রয়েছে সে সংকট নিরসনে চেষ্টা করে যাচ্ছি। পরিবহন দপ্তর করার চিন্তাও আমাদের রয়েছে।’
