বিদ্যুত্ বিভ্রাট ও পুরানো ট্রান্সফরমার

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২১:২১
নানান পদক্ষেপ গ্রহণের ফলে, বিপুল ঘাটতি কাটাইয়া, দেশে এখন চাহিদা অনুযায়ী বিদ্যুত্ উত্পাদন হইতেছে। একসময় দেশে বিদ্যুতের চরম ঘাটতি ছিল। প্রবাদ চালু হইয়াছিল, এই দেশে বিদ্যুত্ যায় না, আসে। ভয়াবহ লোডশেডিংয়ে কেবল জনজীবন বিপর্যস্ত হইয়া পড়িয়াছিল তাহা নহে, অর্থনীতির চাকাও প্রায় অচল হইয়া পড়িয়াছিল। বিদ্যুত্ হইলো কল-কারখানা-অফিস-আদালতের চালিকাশক্তি। বিদ্যুত্ ঘাটতি আধুনিক জীবনব্যবস্থাকেই বিপর্যস্ত করিয়া তোলে। তাই বিদ্যুত্ সরবরাহ কিংবা ঘাটতি একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হইয়াছিল। বর্তমান সরকার তাহার বিগত আমলের নির্বাচনী ইশতেহারে বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করিয়াছিল। সরকার তাহার কথা রাখিয়াছে, বিদ্যুত্ পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হইয়াছে। সরকার এমনকি ‘বিদ্যুত্ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ প্রণয়ন করিয়াছে। কিন্তু উত্পাদন যথাযথ হইলেও, সরবরাহে ঘাটতি থাকিয়া যাইতেছে। বিতরণজনিত সমস্যাকে ইহার কারণ হিসাবে চিহ্নিত করা হইয়াছে এবং এই সমস্যার মূল ব্যাপার হইলো, অনেক বৈদ্যুতিক ট্রান্সফরমারই ওভারলোডেড। ধারণক্ষমতার তুলনায় ট্রান্সফরমারে অধিক বিদ্যুত্ সরবরাহ হইতেছে। ফলে ট্রান্সফরমারগুলি একপর্যায়ে পুড়িয়া বিকল হইয়া যাইতেছে। বর্তমান বিদ্যুত্ বিভ্রাটের পিছনে ইহা হইলো বড় কারণ। বাসগৃহে প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়িয়া যাইতেছে। ফলে একটি এলাকায় স্থাপিত ট্রান্সফরমারের ক্ষমতার চাইতে বিদ্যুত্ ব্যবহারের পরিমাণ বাড়িতেছে। আবার অনেক এলাকায় অবৈধ সংযোগ বাড়িয়া যাওয়ায় ট্রান্সফরমারে বিদ্যুত্প্রবাহের ভার বৃদ্ধি পাইতেছে। এই পরিস্থিতিতে প্রয়োজন ওভারলোডেড ট্রান্সফরমারগুলি চিহ্নিত করিয়া সেইগুলিকে ভার বহনে সক্ষম ট্রান্সফরমার দ্বারা প্রতিস্থাপন। এই কারণে মন্ত্রণালয় বিদ্যুত্ বিতরণ কোম্পানিগুলিকে নির্দেশ দিয়াছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু মুশকিল হইলো, বিতরণ কোম্পানিগুলি ওভারলোডেড ট্রান্সফরমারগুলি পরিবর্তন করিতেছে না। বিদ্যুত্ বিভাগের হিসাব অনুযায়ী বর্তমানে সারাদেশে মোট ট্রান্সফরমারের সংখ্যা ৭ লাখ ২০ হাজার ৬০৯টি। ইহার মধ্যে ওভারলোডে চলিতেছে ৭৬ হাজার ৪৮৩টি ট্রান্সফরমার, যাহা মোট ট্রান্সফরমারের শতকরা দশ ভাগ। চলতি মাস পর্যন্ত সারাদেশে প্রায় ৫ হাজার ৩২টি ট্রান্সফরমার পুড়িয়া যাইবার ঘটনা ঘটিয়াছে। স্পষ্ট বোঝা যাইতেছে, বিতরণ কোম্পানিগুলির গড়িমসি এই সমস্যার অন্যতম কারণ। নূতন ট্রান্সফরমার স্থাপন করিতে যাহা খরচ হইবে তাহা বহন করিতে তাহাদের অনীহা রহিয়াছে। এই পরিপ্রেক্ষিতে, সরকারকে অধিক কঠোর অবস্থান গ্রহণ করিতে হইবে। মনে রাখিতে হইবে, বিদ্যুতের উত্পাদন বৃদ্ধি করিতে গিয়া সরকারকে বহু অর্থের যোগান দিতে হইয়াছে। কুইক রেন্টাল ইত্যাদি পদ্ধতিতে বিদ্যুত্ উত্পাদনে বহু ব্যয় হইয়া থাকে। জনগণের করের টাকায় সেই অর্থের সংস্থান হইয়াছে। বিদ্যুত্ উত্পাদনই কেবল নহে, উহার সুষ্ঠু বণ্টনও একটি বড় চ্যালেঞ্জ। সুতরাং এইখানে ছাড় দিবার অবকাশ নাই। বিতরণ কোম্পানিগুলি যেন ট্রান্সফরমার বদলাইয়া বিদ্যুত্ সরবরাহ নিরবচ্ছিন্ন করিতে বাধ্য হয়, সেই ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।

এ সম্পর্কিত আরও পড়ুন