মিরপুরে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২১:৩৪
রাজধানীর মিরপুরে মোহাম্মদ মজিবুর (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা নিয়ে গেছে ৩০ লাখ টাকা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। গতকাল রবিবার বিকালে মিরপুর-২ সেকশনের সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। আহত মজিবুরের মামাতো ভাই এনায়েত আলী জানান, মজিবুর জমি কেনা-বেচার এজেন্ট। বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা সিটি কর্পোরেশন মিরপুর-৭ অঞ্চলে অফিসে বসে তিনি একটি জমি বিক্রির ৩০ লাখ টাকা গ্রহণ করেন। ঐ অফিস থেকে টাকা নিয়ে বের হবার পরপরই মোটর সাইকেলে আসা দুই ছিনতাইকারী তাকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মজিবুরের গ্রামের বাড়ি বরিশালে। তার বাসা খিলক্ষেতের তাঁতিরা।