বই পড়তে স্যামসাংয়ের ‘গ্যালাক্সি ট্যাব ৪ নুক’

আপডেট : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫০
ই-বুক রিডারের বাজারে পরিচিত নাম বার্নস অ্যান্ড নোবেলস। তাদের নুক ই-বুক রিডার একটা সময় পর্যন্ত সনির ই-বুক রিডার এবং অ্যামাজনের কিন্ডলের সাথে পাল্লা দিয়েই বিক্রি হয়েছে। এতদিন পর্যন্ত বার্নস অ্যান্ড নোবেল তাদের নুক ই-বুক রিডারগুলো নিজেরাই তৈরি করে এসেছে। তবে এবারে এসে তারা ই-বুক রিডারের সব ফিচারকে নিয়েই বাজারে আনছে বিশেষ সংস্করণের ট্যাবলেট পিসি। আর সেই ট্যাবলেট পিসিটি বার্নস অ্যান্ড নোবেলসের জন্য তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। তাদের গ্যালাক্সি ট্যাব সিরিজের নতুন সংস্করণ হিসেবেই তৈরি করেছে ‘গ্যালাক্সি ট্যাব ৪ নুক’। ৭ ইঞ্চি আকৃতির এই ট্যাবলেট পিসিকে স্যামসাং বলছে বিশ্বের প্রথম ফুল-ফিচারড ট্যাবলেট পিসি যা বই পড়ার জন্য আদর্শ। স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব ৪-এর কনফিগারেশনেই তৈরি করা হয়েছে ট্যাব ৪ নুক। আর সেইসাথে যুক্ত করা হয়েছে নুক ই-বুক রিডারের সকল ফিচার। এতে বিল্ট-ইন হিসেবেই থাকবে নুক নিউস্ট্যান্ড, ম্যাগাজিনের একটি ডিজিটাল সংগ্রহ এবং নুকের বিভিন্ন অ্যাপ্লিকেশন। এ ছাড়া নুকের ৩০ লক্ষ বইয়ের লাইব্রেরিতেও অ্যাকসেস থাকবে এই ট্যাবলেট পিসির। অ্যান্ড্রয়েডে চালিত এই ট্যাবলেট পিসিতে গুগল প্লে স্টোরের সব অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধাও রয়েছে। ফলে অ্যামাজনের কিন্ডল ফায়ার ট্যাবলেটের তুলনায় এটি গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদান করবে বলেই জানিয়েছে স্যামসাং। পাশাপাশি অ্যামাজনের কিন্ডল ফায়ার এইচডি ট্যাবলেট কিংবা কোবো আর্ক ই-বুক রিডারের তুলনায় এর দামও রাখা হয়েছে কম। ১৭৯ ডলারেই পাওয়া যাবে স্যামসাং এবং বার্নস অ্যান্ড নোবেলসের যৌথ উদ্যোগে তৈরি এই ট্যাবলেট পিসি। এই ট্যাবলেট পিসি সম্পর্কে স্যামসাং আমেরিকার প্রেসিডেন্ট টিস ব্যাক্সটার এক বার্তায় বলেন, ‘গ্যালাক্সি ট্যাব আমাদের অন্যতম ব্যবসাসফল একটি পণ্য। এর বিশেষ সংস্করণেই আমরা বই পড়ার জন্য সর্বোচ্চ সুবিধা যুক্ত করেছি।’ অন্যদিকে বার্নস অ্যান্ড নোবেলসের সিইও মাইকেল হাসবি বলেন, ‘নুক ই-বুক রিডারের গ্রাহকদের অনেকেই তাদের ডিভাইসে বই পড়া ছাড়াও বাড়তি বিভিন্ন ফিচার পেতে চান। তাদের কথা ভেবেই মূলত অল-ইন-ওয়ান ডিভাইস হিসেবে আমরা এটি তৈরি করেছি। আশা করছি এটি নুক গ্রাহকদের নিত্যদিনের অংশে পরিণত হবে।’