গাইবান্ধা জেলা শহরে একটি কাচের দোকানে ট্রাক থেকে কাঁচ নামাতে গিয়ে কাচের স্তূপে চাপা পড়ে কণ্ঠনালি কেটে কোরবান আলী (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টায় শহরের পূর্বপাড়ার তাইজুল ইসলামের মালিকানাধীন মেসার্স তানি কাচঘরের গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। নিহত কোরবান আলী সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার আ. রউফ মিয়ার ছেলে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার নাসিম রেজা বলেন, ওই গোডাউনের সামনে ঢাকা থেকে আসা ট্রাক থেকে কাচ আনলোড করছিলেন কয়েক জন কুলি শ্রমিক। এ সময় ট্রাক থেকে কাচের স্তূপ বাঁধন ছিঁড়ে কর্মরত কোরবান মিয়ার ওপর পড়ে। এতে তিনি চাপা পড়েন। তার কণ্ঠনালি কেটে যায়।
প্রত্যক্ষদর্শী আবদুর রহমান বলেন, রাত ৯টায় ট্রাকের ওপরে ও নিচে চার জন আনলোডের কাজ করছিলেন। অসতর্কতার কারণে কাচগুলো পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাচ সরিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
