জাপানের উত্তরপূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। ভূমিকম্পের ১০ ঘণ্টা পরও ঐ অঞ্চলের হাজার হাজার বাড়ি বিদ্যুৎ বিহীন রয়েছে। বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি হয় বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।
প্রাথমিক হিসাবে ভূমিকম্পটি ৭ দশমিক ৩ মাত্রার বলা হলেও পরে সংশোধন করে এর মাত্রা ৭ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। ফুকুশিমা প্রিফেকচারের উপকূলের অদূরে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, চার জনের মৃত্যু হয়েছে এবং পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে শক্তিশালী পরাঘাত হওয়ার সম্ভাবনা থাকায় সরকার উচ্চ সতর্কাবস্হায় থাকবে। অন্তত ১০৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে, তাদের কয়েকজনের আঘাত গুরুতর। একটি সুনামি সতর্কতা জারি করা হলেও বৃহস্পতিবার সকালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। কয়েকটি এলাকা থেকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির খবর পাওয়া গেলেও তাত্ক্ষণিকভাবে গুরুতর কোনও ক্ষয়ক্ষতির খবর হয়নি। এ ভূমিকম্প ২০১১ সালের ১১ মার্চ একই এলাকায় হওয়া প্রলয়ংকরী ভূমিকম্পের কথা মনে করিয়ে দিয়েছে। ফুকুশিমার ঐ ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে তখন প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
