চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারী হাট বাজারের গরুর মাংসের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রিসহ বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে মোট ৪৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান। এসময় লোহাগাড়া থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান সাংবাদিকদেরকে জানান, পবিত্র শবে বরাতের দিনে উপজেলার পদুয়া বাজারে অধিক মূল্যে মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতা মো. এরশাদকে ১০ হাজার টাকা, মনসুরকে ১৫ হাজার টাকা, আবদুল্লাহকে ২০ হাজার টাকা, অবৈধভাবে পার্কিং এবং বিনা অনুমতিতে ভিডিও ধারণ করায় মিনহাজকে ২ হাজার টাকাসহ ৫ পাঁচ জনকে ৫ টি মামলায় ৪৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
