কর্মসংস্থান বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে  আরো ঋণ প্রয়োজন

আপডেট : ২১ মার্চ ২০২২, ১০:৪২

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আরো ঋণ প্রয়োজন। এজন্য এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত অর্থ বরাদ্দ করা উচিত। 

গতকাল এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠ বারের মতো ক্রেতা-বিক্রেতা সম্মিলন আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার একথা বলেন। 

বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন এবং এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য হাসিনা নেওয়াজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। স্বাগত বক্তব্যে  এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও নারী-উদ্যোক্তাদের তৈরি পণ্যসমূহকে দেশের প্রথম সারির ক্রেতাদের কাছে পরিচয় করিয়ে দিতেই নিয়মিত এ ধরনের ক্রেতা-বিক্রেতা সম্মিলন আয়োজন করে আসছে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন বলেন, পুঁজি ও পণ্যের বাজার সংযোগের অভাবে পিছিয়ে পড়েন দেশের এসএমই উদ্যোক্তারা। সেই সঙ্গে তাদের পণ্যের ন্যাঘ্য দাম নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এসএমই উদ্যোক্তাদের এসব সংকট সমাধানে কাজ করছে এসএমই ফাউন্ডেশন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে প্রায় ১০ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং প্রায় ৬৮ লাখ কুটির শিল্প প্রতিষ্ঠান রয়েছে; যার ৭.২১ শতাংশ নারী উদ্যোক্তাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নারীর জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি ও নানাবিধ প্রণোদনার ফলে দেশে নারী-উদ্যোক্তার সংখ্যা প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পণ্যের বাজার সংযোগ বা বাজারজাতকরণ নারী-উদ্যোক্তাদের জন্য অন্যতম প্রধান একটি বাধা। ব্যবসা করার ক্ষেত্রে ৩৭ শতাংশ নারী-উদ্যোক্তা পুঁজি সংকটের কথা উল্লেখ করলেও ২০ শতাংশ নারী-উদ্যোক্তা পণ্যের বাজারজাতকরণকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছেন। এই প্রেক্ষাপটে নতুন নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সংযোগ তৈরির মাধ্যমে পণ্যের বাজারজাতকরণ সমস্যা সমাধানের জন্য এসএমই ফাউন্ডেশন ৬ষ্ঠ বারের মতো ‘ক্রেতা-বিক্রেতা সম্মিলন’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত বুটিক পণ্য, পাটজাতপণ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প, জুয়েলারি, ইত্যাদি বাণিজ্যিক ক্রেতাদের জন্য প্রদর্শন করবেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ক্রেতা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও অনলাইন মার্কেটপ্লেস-এর প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।

ইত্তেফাক/ইআ