ইবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু

আপডেট : ২১ মার্চ ২০২২, ১৯:১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নবীন বরণের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এসময় বিভাগগুলো নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন এলাকায় দেখা যায়, হাতে রজনীগন্ধা আর গোলাপ ফুল নিয়ে বের হচ্ছেন নবীন শিক্ষার্থীরা। তাদের সবার চোখে-মুখে উচ্ছ্বাস। নবীন বরণ শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আড্ডায় মেতে উঠেছেন তারা। ক্যাম্পাসের শহীদ মিনার, স্মৃতিসৌধ, ডায়না চত্বর, ঝাল চত্বর, বটতলা সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

ডায়না চত্বরে বসে আড্ডা দিচ্ছিলেন একদল নবীন শিক্ষার্থী। কথা বলে জানা গেলো, তারা ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। এ এক অন্যরকম অনুভূতি।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভাবতেই অন্যরকম ভালো লাগা কাজ করছে। পরিশ্রম ও মা-বাবার দোয়ায় আজ এখানে আসতে পেরেছি। 

এদিকে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে যাতে র‌্যাগিংয়ের ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেতন রয়েছে জানিয়ে প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা ইতিমধ্যে বিভাগসমূহের চেয়ারম্যানদেরকে বলেছি যাতে তারা তৎপর থাকেন। প্রক্টরিয়াল বডিও বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে যাতে কোনে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এছাড়া ক্যাম্পাসের বিশেষ বিশেষ জায়গায় র‌্যাগিং বিষয়ে সচেতনতা মূলক লিফলেট লাগানোর পরিকল্পনা রয়েছে। 

 

 

ইত্তেফাক/এআই