ইউক্রেনকে ত্রাণ সহযোগিতা দিতে এগিয়ে এসেছে ‘এপিক গেমস’। জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ‘ফোর্টনাইট’-এর নতুন সিজনের প্রথম দুই সপ্তাহের আয়ের পুরোটাই ইউক্রেনের ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এপিক বলছে, ফোর্টনাইটে ব্যবহৃত ‘ভি-বাকস’ এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় কারণ এটি কোনো প্রচলিত মুদ্রা নয়। তবে, গেমটির ‘গিফট কার্ড’ এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে। শর্ত হচ্ছে, কার্ডগুলো ব্যবহার করতে হবে দুই সপ্তাহের মধ্যেই।
ফোর্টনাইটের নতুন সিজন শুরু হয়েছে ২০ মার্চ, রবিবার। এদিন থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাবস্ক্রিপশন প্যাকেজ, উপহার হিসেবে দেওয়া ‘ব্যাটল পাস’ এবং কিছু কসমেটিক প্যাকসহ গেমাররা যাই কিনুন না কেন, তার পুরোটাই যাবে ইউক্রেনের মানবিক সহায়তা তহবিলে।
কয়েকটি সংস্থায় যাবে এই তহবিল; যার মধ্যে রয়েছে, ‘ডিরেক্ট রিলিফ’, ‘ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস’, ‘ইউনাইটেড নেশনস চিলড্রেন’স ফান্ড’ এবং ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’। এপিক বলছে, ‘সামনের সপ্তাহগুলোতে’ আরো কয়েকটি সাহায্য সংস্থা যোগ হবে এই প্রক্রিয়ায়।
চলতি মাসের শুরুতে ‘বান্ডল ফর ইউক্রেন’ নামের ‘গেম প্যাকেজ’ বিক্রি করে ৬০ লাখ ডলার তহবিল তুলেছে গেম বিপণন সাইট ইচ ডটআইও। পাশাপাশি, এখন পর্যন্ত ৯০ লাখ ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে অনলাইন গেম বিক্রেতা ‘হাম্বল বান্ডল’।

