দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এবং দেশে শতভাগ বিদ্যুতায়নের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। বুধবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং বিদ্যুৎ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
আগামীকাল বৃহস্পতিবার ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা রয়েছে। বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার বিষয়ে আজই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এর আগে ১১ মার্চ ১০ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২২ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ বছর ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পাঁচ জন। তারা হলেন-বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ এবং প্রয়াত সিরাজুল হক (মরণোত্তর)।
‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।
‘স্থাপত্যে’ প্রয়াত স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম (মরণোত্তর) এবং ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এছাড়া ‘সাহিত্যে’ প্রয়াত মো. আমির হামজাকে (মরণোত্তর) প্রথমে মনোনয়ন করা হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।
