রংপুরে নকল সার কারখানার সন্ধান, ২০ লাখ টাকার মালামাল জব্দ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ২০:৫৫

রংপুরে একটি নকল সার কারখানার সন্ধান পেয়েছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। নকল জিপসাম সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরীর তাজহাট আনছারি মোড় এলাকার ‘ভাবনা চক পাউডার মিল’ সংলগ্ন নকল জিপসাম তৈরির কারখানায় মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন এই কারখানা থেকে ফর্মুলাবিহীন সার উৎপাদন, কাঁচামাল কেনার বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় কারখানা মালিক।

এছাড়া কেমিস্ট এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল জিপসাম তৈরির উপকরণসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল জব্দ করে গোয়েন্দা পুলিশ। একইসঙ্গে আইন অমান্য করে কারখানার পরিচালক নগরীর নুরপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে জিল্লুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করার পাশাপাশি ত্রুটি সংশোধন না করা পর্যন্ত সকল প্রকার উৎপাদন বন্ধের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

ইত্তেফাক/জেডএইচডি