দেড় কোটি টাকার কোকেন উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৮:২৪

মিঠাপুকুরে দেড় কোটি টাকার কোকেন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সিআইডির ফরেনসিক ল্যাবে রাসায়নিক পরীক্ষার পর  রবিবার (২৭ মার্চ) মাদকদ্রব্য কোকেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। 

রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ এ তথ্য জানিয়েছেন। উত্তরাঞ্চলের মধ্যে কোকেন উদ্ধারের ঘটনা এইবারই প্রথম।

কোকেনসহ গ্রেফতার হওয়া মাদক কারবারির নাম শামসুজ্জামান ওরফে ছামছু (৪৮)। সে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রুকনী মাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মাদক ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রুকনি মাজার মোড়ে তিনটি ছোট পলিব্যাগে নেশাজাতীয় ৪৫ গ্রাম সাদা পাউডারসদৃশ বস্তু ও ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শামসুজ্জামান ওরফে ছামছুকে আটক করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি)। 

পরে উদ্ধার হওয়া পাউডারের রাসায়নিক পরীক্ষার জন্য রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে উদ্ধার হওয়া পাউডারগুলো মাদকদ্রব্য কোকেন বলে জানানো হয়।

রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ বলেন, ‘বাংলাদেশে কোকেন খুবই ব্যয়বহুল একটি মাদক। প্রতি গ্রাম কোকেন ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। সেই হিসেবে উদ্ধার হওয়া কোকেনের মূল্য প্রায় দেড় কোটি টাকা। 

তিনি আরও বলেন, সম্ভবত উত্তরাঞ্চলে এটাই প্রথম পুলিশ কর্তৃক কোকেন উদ্ধারের ঘটনা। এর উৎস সম্পর্কে জানতে গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

 

 

ইত্তেফাক/এমএএম