ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে রমজান মাসেও ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২০ এপ্রিল পর্যন্ত ক্লাসসমূহ চলবে। এছাড়া বিভাগ চাইলে ২০ এপ্রিলের পরেও পরীক্ষা নিতে পারবেন।
সোমবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২০ এপ্রিল পর্যন্ত ক্লাসসমূহ চালু থাকবে। একইসাথে স্ব স্ব বিভাগ তাদের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাসমূহ গ্রহণ করতে পারবেন। রমজান মাস উপলক্ষে সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য কর্মবিরতি থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বলেন, শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতির কথা বিবেচনা করে ও সেশনজট নিরসনের জন্য হল প্রভোস্ট ও ডিনদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
