হাবিপ্রবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৭:৩৪

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান।

প্রধান আলোচক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম।

হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এম কামরুজ্জামান বলেন, 'অধ্যাপক ড. মেহতাব খানম একজন প্রখ্যাত সাইকোলজিস্ট। আশা করি তোমরা আজকের এই সেমিনারের মাধ্যমে উপকৃত হবে। জীবন মানে যুদ্ধ, হাল ছেড়ে দিয়ে জীবন যুদ্ধে কোনোভাবেই পরাজিত হওয়া যাবেনা। নিজেকে প্রস্তুত করতে হবে।'

সেমিনারে ড. মেহতাব খানম শিক্ষার্থীদের হতাশার বিভিন্ন কারণ নিয়ে কথা বলেন। এর পাশপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি বলেন, 'মানসিক স্বাস্থ্যের বিষয়টি আমাদের দেশে অনেকটা অবহেলিত, অথচ বর্তমান সময়ে এর গুরুত্ব অপরিসীম।'

ইত্তেফাক/এসটিএম