চট্টগ্রামের সাতকানিয়ায় প্রায় ৬৫ বছর বয়সী ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার খাগরিয়া হাইস্কুলের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটির সুরতহাল তৈরি করে। এরমধ্যে থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন ওই বৃদ্ধ। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
