বাকৃবিতে সাংবাদিক মারধরের ঘটনায় নিন্দা

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৪:১১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবিতে) পেশাগত দায়িত্ব পালনের সময় ছাত্রলীগের একাংশ কর্তৃক সাংবাদিক মারধরের ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ লিপি প্রকাশ করেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (রাবিসাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস), বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রবিসাস) সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন প্রতিবাদ লিপি প্রেরণ করে।

বিবৃতিতে তারা বলেন, ‘বাকৃবিতে সংবাদ সংগ্রহকালে ময়মনসিংহ লাইভের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ ওমর আসিফকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পেশাগত দায়িত্ব পালনের সময় এমন ঘটনা একটি সুষ্ঠু সমাজের জন্য খুবই দুঃখজনক। যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। এসব ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে ও ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

 

ইত্তেফাক/এসটিএম