গুচ্ছ নয়, নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় মত ইবি শিক্ষকদের

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১৭:২৫

গুচ্ছ পদ্ধতি নয়, নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষার পক্ষে মত দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার (৩ মার্চ) বেলা ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ব্যাপক বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। একজন শিক্ষার্থীকে তার পছন্দমত বিষয়ে ভর্তির ক্ষেত্রে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে। এতে শিক্ষার্থীদের ভীষণভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাদের এক বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে প্রথম ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় কোন টাকা ফেরত দেয়নি। 

তিনি আরও বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি কার্যক্রমে দীর্ঘসূত্রিতা একটি মারাত্মক সমস্যা বলে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় এখানে একটি ইউনিট গুচ্ছ পদ্ধতির বাইরে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করেছে যা সামগ্রিক ভর্তি প্রক্রিয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণ। 

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষকগণ ভর্তি সংক্রান্ত কাজে অংশগ্রহণ করবেন না।
 
ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ইবির শিক্ষকবৃন্দ মনে করেন বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন অক্ষুণ্ণ রেখে স্ট্যাটিউট অনুসারে পৃথকভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করলে শিক্ষার্থী ও অভিভাবকগণের আর্থিক সাশ্রয় ও কষ্ট লাঘব হবে।

এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, যে উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এতে সুফলের চেয়ে ভর্তিচ্ছুদের বেশি ভোগান্তি পোহাতে হয়েছে।

এদিকে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ ইবি রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাকিব, সদস্য সোহানুর রহমান, ফারহানা নওশিন, তারেক সাইমুম, শাহরিয়ার রিমন ও অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম দৈনিক ইত্তেফাককে বলেন, শিক্ষকদের দাবিগুলোর একটা চিঠি হাতে পেয়েছি। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত মিটিং আছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরবো। মূলত শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এটাই আমার প্রধান লক্ষ্য।

 

ইত্তেফাক/এআই