প্রায় দেড় বছরের করোনাকালীন ছুটি শেষে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘসময় ধরে চলছে সশরীরে ক্লাস-পরীক্ষা, চলছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। তবে এখনো চালু হয়নি করোনার সময়ে বন্ধ হওয়া ক্যাফেটেরিয়া।
জানা যায়, লিখিত চুক্তি না করে মৌখিকভাবে ‘দিলশাদ’ নামের একটি প্রতিষ্ঠানকে ক্যাফেটেরিয়ার দায়িত্ব দেয়া হয়েছিল। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ক্যাফেটেরিয়া চালুর জন্য বলা হলেও তা আমলে নেয়নি পরিচালনাকারী প্রতিষ্ঠান দিলশাদ।
বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, 'করোনার পর ক্যাম্পাসের সব কিছু খুললেও বন্ধ হয়ে আছে ক্যাফেটেরিয়া। এক কাপ চা খেতে হলেও ক্যাম্পাসের বাইরে যেতে হয়। আশাকরি দ্রুততম সময়ের মধ্যে এটি চালু করা হবে।'
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং ক্যাফেটেরিয়া পরিচালনা বিষয়ক কমিটির সদস্য সচিব ইমরান পারভেজ বলেন, ‘ট্রেজারার স্যারকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছেন ভিসি স্যার। আমরা মিটিং করেছি। উপযুক্ত কাউকে ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্ব দিতে চাই। আমরা নোটিশ দিয়েছি, খুঁজছি। আশা করছি রমজান ও ঈদের ছুটির পর ক্যাম্পাস খুললে শিক্ষার্থীদের জন্য ক্যাফেটেরিয়া চালু করতে পারবো।’
