লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬৯ হাজার জরিমানা  

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:৫৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ও চুনতি বাজার এবং বটতলী মোটর স্টেশনের পাশে কাঁচা বাজারে অভিযান চালিয়ে ১৩ মামলায় ৬৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গত তিন দিন (৩-৫ এপ্রিল) ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হয়। এ ঘটনা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহে রমজানের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত উপজেলার বাজারসমূহে অভিযান পরিচালনা করা হয়।

৩ এপ্রিল  উপজেলার আধুনগর বাজারসহ খান হাটে ৬টি মামলায় ৬ জনকে ১৪ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এদের মধ্যে ৪ জনকে মূল্য-তালিকা ছাড়া পণ্য বিক্রির দায়ে ও ২ জনকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। ৪ এপ্রিল উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনস্থ কাঁচা বাজারে অস্বাস্থ্যকর দায়ে এক রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা ও রশিদ ছাড়া কলা বিক্রির দায়ে এক আড়তদারকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উক্ত সময়ে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। ৫ এপ্রিল উপজেলার উপজেলার চুনতি ও আধুনগর বাজারে ৫টি মামলায় ৪৩ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, মাহে রমজানের বাজার মনিটরিং-এর অংশ হিসেবে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু বলেন, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারের সকল পণ্য বিক্রেতাসহ দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শনসহ পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

 

ইত্তেফাক/এআই