নড়াইলে মাদক মামলায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নড়াইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন পোদ্দার ও পাইকমারি গ্রামের কাজী বদিয়ার রহমান।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ মার্চ রাতে লোহগাড়ার কালনা ফেরীঘাটে যানবাহন তল্লাসীকালে ঈগল পরিবহনের চেয়ার কোচের ড্রাইভার মিলন পোদ্দারের সিটের নিচে থেকে ১০ বোতল ও গাড়ির হাওয়া ট্যাংকির ওপর বিশেষভাবে রাখা ১১৮ বোতলসহ সর্বমোট ১২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন লোহাগড়া থানার এস আই নয়ন পাটোয়ারী।
