সুস্থ থাকতে শরীরচর্চার বিকল্প নেই সেটা সবারই জানা। কিন্তু অনেকেই বুঝতে পারেন না প্রতিদিন কতক্ষণ শরীরচর্চা করা দরকার। কেউ দ্রুত স্লিম হওয়ার বাসনায় এক দিনেই প্রায় অনেকক্ষণ ব্যায়াম করে ফেলেন। আবার কেউ অল্পেতেই ক্লান্ত হয়ে যান। এর কোনোটাই সঠিক পদ্ধতি নয়।
তার উপর এখন রমজান মাস। রোজায় খেয়াল রাখতে হবে, কখন ব্যায়াম করছেন এবং কতটুকু ব্যায়াম করছেন। সকালের দিকে যোগব্যায়াম বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। খুব বেশি ভারী ব্যায়াম করতে যাবেন না। হালকা কোনো ব্যায়াম বেছে নিন। যারা নিয়মিত হাঁটেন তারা বিকেলে না হেঁটে সকালের দিকে হাঁটবেন। ঘাম হলে শরীরের ঘাম মুছে ঠাণ্ডা স্থানে থাকার চেষ্টা করবেন, অন্তত রোজার দিনগুলোতে।
অন্যদিকে রমজান বাদে বছরের অন্য সময়গুলোতে বেশিরভাগ মানুষের ধারণা, সারা দিনে সর্বোচ্চ ৩০ মিনিট শরীরচর্চার মধ্যে থাকলেই বোধহয় যথেষ্ট। এক্ষেত্রে ফিটনেস বিশেষজ্ঞদের মতামত, সারা সপ্তাহে মোট ১৫০ মিনিট শরীরচর্চা করতে হবে। তার জন্য সব সময় জিমে যেতে হবে এমনটাও নয়। হাঁটতে পারেন, সাঁতার কাটতে পারেন, সাইকেল চালাতে পারেন। আবার ইচ্ছে করলে জিমেও যেতে পারেন। তবে বাধ্যতামূলক নয়।
তবে ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন, এক দিন বেশি সময় ধরে শরীরচর্চা করে পরের দিন ব্যায়াম করা থেকে বিরত থাকলে চলবে না। ১৫০ মিনিট সমানভাগে ভাগ করে নিয়ে প্রতিদিন সেই সময়টুকু ধরে ব্যায়াম করুন। অফিসে বা বাড়িতে কাজ করার সময় বসে থাকতে হয়। এতে কোমরের পেশির নমনীয়তা হ্রাস পায়। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থেকে মাঝেমধ্যে হাঁটাচলা করবেন। এটি কিন্তু শরীরচর্চারই একটি অংশ।
