খাগড়াছড়ির রামগড় উপজেলার গুজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১১ এপ্রিল) অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের প্রধান সন্ত্রাসী ও চাঁদাবাজ মংসানু মারমাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড অ্যামোনিশন, ২টি চাকু, চাঁদা আদায়ের রশিদ বই ও ১টি ব্যাগ উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা উক্ত এলাকাতে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, সোমবার অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আত্মরক্ষাতে পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে এক সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তাকে রামগড় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
