গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটভাটার কবল থেকে কোটি টাকা মূল্যের বেদখল হওয়া ১শ ৪ শতক সরকারি জমি উদ্ধার করে গড়ে তোলা হচ্ছে গরিব-দুঃখী মানুষের স্বপ্নের আবাস। প্রধানমন্ত্রীয় আশ্রয়ণ প্রকল্পের আওতায় এলাকার ৩২টি গৃহহীন পরিবার এখানে পাবে পাকা ঘরসহ ঘরের সামনে ফুল-ফলের গাছ লাগানোর জায়গা।
জানা গেছে, এর আগে জমিটিতে আবু রায়হান নামের এক ব্যক্তি দখল করে লাইসেন্স ও সরকারি অনুমোদন ছাড়াই বিটিবি নামের একটি ইটভাটা গড়ে তোলে। বর্তমানে উপজেলা প্রশাসন জমিটি উদ্ধার করে শুরু করা হয়েছে মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণ কাজ। ইতিমধ্যেই ঘরের ভিত্তিসহ প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন চলছে গাঁথুনির কাজ। প্রতিটি ঘরের ২টি করে কক্ষ সহ সংযুক্ত বাথরুম আর সামনে উন্মুক্ত বারান্দা। ঘরের পাশেই থাকবে শিশুদের খেলার জায়গা ও নামাজের জন্য মসজিদ।
এলাকাবাসী বিপ্লব মিয়া বলেন, ‘জায়গাটি আগে ইটভাটার মালিক দখল করে তার ভাটার কাজে ব্যবহার করতো। এখন জায়গাটি অনেক গরীব পরিবারের কাজে আসবে। একসাথে এতগুলো মানুষের মাথা গোঁজার ঠাঁই হবে। নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ।’
বিটিবি ভাটার মালিক আবু রায়হান বলেন, ‘মাত্র এক বছর আগে ভাটাটি কিনেছি বগুড়ার মালিকের কাছ থেকে। আগে এই ভাটার মধ্যে সরকারি জায়গা ছিল কি না জানা ছিল না। প্রশাসনের পক্ষ থেকে যখনই খাস জমির কথা বলেছে তখনই ছেড়ে দিয়েছি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন বলেন, ‘প্রায় কোটি টাকার ১০৪ শতক সরকারি জায়গা ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হত। এখন সেখানে ৩২টি পরিবার তাদের সন্তান-সন্ততি নিয়ে বসবাস করবে।’
উল্লেখ্য, সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলার ৮৫০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হবে। এরমধ্যে ৩৮০টি ঘরের নির্মাণ কাজ চলছে।

ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরা বন্ধ