গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২৩:১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি মাদক মামলায় সাজু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রমের আদেশ দেওয়া হয়। মামলার অপর আসামি সিরাজুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে। 

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। 

সাজাপ্রাপ্ত সাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। খালাসপ্রাপ্ত সিরাজুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার কুঞ্জমালা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক আহম্মেদ জানান, রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

তিনি বলেন, রায়ে আমৃত্যু কারাদণ্ড ছাড়াও সাজু মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১), টেবিল ৯ (খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

মামলা বিবরণে জানা যায়, বিগত ২০১৮ সালে ২৫ নভেম্বর রাতে পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দখালাশপুর গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের ল্যাংড়াবাজার-কালিতলা পাকা রাস্তায় উপর থেকে ১০৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম হেরোইনসহ সাজুকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক শান্তানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০১৯ সালের ১৭ জুন মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়।

ইত্তেফাক/এমএএম