মুন্সীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৭:১৫

মুন্সীগঞ্জের মিরকাদিম লঞ্চঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পৌর কাউন্সিলরের ছেলে মো. ঝলক (২৪) নিহত হয়েছে। 

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে লঞ্চঘাট এলাকায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিরকাদিম ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. লিটনের ছেলে ঝলককে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিরকাদিম লঞ্চঘাট এলাকার কর্তৃত্ব নিয়ে কাউন্সিলর লিটন গ্রুপের সঙ্গে জিল্লু গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে মিরকাদিম লঞ্চঘাট এলাকায় প্রথমে লিটনের সঙ্গে জিল্লুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে ঝলক গুরুতর জখম হয়। আবারও সংঘর্ষের আশঙ্কায় মিরকাদিমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এমএএম