বলিউডের হাইপ্রোফাইল এই বিয়ের আনন্দে মেতে উঠেছে ভাট আর কাপুর পরিবার। দুই সুপারস্টার আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে নিয়ে দেশ-বিদেশে উচ্ছ্বাসের কমতি নেই। আজ বিকাল ৩টার পর মুম্বাইতে রণবীরের পৈতৃক ভিটায় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর ও আলিয়া।
অত্যন্ত আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিয়েতে ৪৫০ অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে। ‘মিস্টার অ্যান্ড মিসেস’ রণবীর-আলিয়ার বিয়ের ভোজের তালিকায় থাকছে তন্দুরি চিকেন, খাসির মাংসের বিশেষ কয়েকটি পদ, ডাল মখানি, পনির টিক্কা, কয়েক রকমের মিষ্টি। থাকছে ৫০টিরও বেশি ‘ফুড কাউন্টার’।
দেশ-বিদেশের নানা কুইজিনের ব্যবস্থা করা হয়েছে। ইতালিয়ান, মেক্সিকান, চাইনিজ, থাই, পাঞ্জাবি, মোগলাই, আফগানিসহ হরেক রকম খাবারের সম্ভার থাকছে মেন্যুতে। এদিকে আলিয়া ভাট কিন্তু ‘ভেগান’। তাই ভেগানদের খাবারদাবারের কথা চিন্তায় রেখে শুধু ভেগান আর নিরামিষাশীদের জন্য রাখা হয়েছে ২৫টি বিশেষ কাউন্টার!
ভোজনরসিক হিসেবে কাপুর পরিবারের সুনাম রয়েছে পুরো বি-টাউনে। শোনা যাচ্ছে, ছেলের বিয়ের জন্য দিল্লি, লখনউ থেকে প্রসিদ্ধ রন্ধনশিল্পীদের আমন্ত্রণ জানিয়েছেন নীতু কাপুর। তাদের ওপরেই থাকবে বিরিয়ানি, বিভিন্ন মুকরোচক কাবাব বানানোর দায়িত্ব। ইতিমধ্যেই শেষ হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। বিকাল ৩টা থেকে ৩:৩০-এর মধ্যে বিয়ের মণ্ডপে পৌঁছে গেছেন রণবীর কাপর ও আলিয়া ভাট।
এদিকে জানা গেছে দুই সুপারস্টারের বিয়ের পরের গ্র্যান্ড রিসিপশনের রাতে হাজির থাকতে পারেন কারিনা কাপুর খান, সাইফ আলী খান, কারিশমা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, মাসাবা গুপ্তা, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, আয়ান মুখার্জী, করণ জোহর, সঞ্জয় লীলা বানসালি, মনীশ মালহোত্রা, জোয়া আখতারসহ আরও অনেকে।
